অবসরপ্রাপ্ত জওয়ানদের ক্ষোভ তুঙ্গে! যন্তর মন্তরে গণঅনশনের ডাক আধাসেনার – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বিতর্কিত ‘সিএপিএফ আইন, ২০২৬’ বাতিলের দাবিতে আগামী ১২ নভেম্বর দিল্লির যন্তর মন্তরে গণঅনশনের ঘোষণা দিয়েছেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। ‘এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই আন্দোলনে নামছেন তাঁরা। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের দাবি উপেক্ষা করা হচ্ছে এবং নতুন এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে আইপিএস আধিকারিকদের আধিপত্য বাড়িয়ে জওয়ানদের পদোন্নতির পথ রুদ্ধ করা হচ্ছে।
পাশাপাশি, পুরনো পেনশন স্কিম (ওপিএস) পুনর্বহাল এবং ডেপুটেশনে থাকা আমলাদের অতিরিক্ত অগ্রাধিকার দেওয়ার নীতি বাতিলেরও দাবি তুলেছেন প্রাক্তন কর্মীরা। এই কালো আইন বাতিলের দাবিতে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। জওয়ানদের দাবি, দক্ষতা ও অভিজ্ঞতার অবমূল্যায়ন করা হলে তা তাঁদের আত্মসম্মানের পরিপন্থী। ফলে বাধ্য হয়েই অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে নামছেন তাঁরা।
