‘অভিযোগই করিনি, প্রত্যাহার কিসের?’ সিএবি-র দাবি উড়িয়ে বিস্ফোরক সৌরাশিস – এবেলা

এবেলা ডেস্কঃ
September 8, 202610:33 am
উৎপল চট্টোপাধ্যায়কে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মান প্রদান এবং মহম্মদ শামীকে সংবর্ধনা দেওয়ার আবহেই সিএবি (CAB) ও প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর সংঘাতকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হল রাজ্য ক্রিকেটে। সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনই এই তরজা প্রকাশ্যে আসে।
সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরুর ঘণ্টা দুয়েক আগে সিএবি একটি বিজ্ঞপ্তিতে জানায়, কোচ নির্বাচন নিয়ে তাদের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন কোচ সৌরাশিস। ওম্বুডসম্যানকে জানিয়ে তিনি বিষয়টি মিটিয়ে নিয়েছেন বলেও দাবি করে সিএবি। উল্লেখ্য, এ বার সিএবির পক্ষ থেকে সৌরাশিসকে কোনও দলেরই কোচের দায়িত্ব দেওয়া হয়নি।
তবে অনুষ্ঠান শেষ হতেই সিএবির দাবি নস্যাৎ করে দেন সৌরাশিস। তাঁর বক্তব্য, সিএবি সম্পূর্ণ সত্য গোপন করে ভুল ব্যাখ্যা দিচ্ছে। তিনি সিএবি বা ওম্বুডসম্যান—কারও কাছেই কোনও দিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাননি, তাই অভিযোগ প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
অন্যদিকে, সিএবি কর্তাদের যুক্তি, অভিযোগ না থাকলে এথিক্স অফিসার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য আট পাতার নিষ্পত্তি রায় দিলেন কীসের ভিত্তিতে? জবাবে সৌরাশিস জানান, সিএবি কর্তারা রায় ঠিকমতো না পড়েই বিজ্ঞপ্তি জারি করেছেন, কারণ সেখানে কোথাও ‘অভিযোগ প্রত্যাহার’-এর কথা বলা হয়নি। এই অসত্য প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের আর্জন জানিয়ে ইতিমধ্যেই বিচারপতি ভট্টাচার্যকে চিঠি পাঠিয়েছেন সৌরাশিসের আইনজীবী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌরাশিসের উপস্থিতি নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সে বিষয়ে তিনি স্পষ্ট জানান, বিতর্ক মেটার কারণে তিনি যাননি। উইমেনস টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হওয়া ‘অ্যাডামাস’ দলের মেন্টর হিসেবেই তিনি প্রাপ্য পুরস্কার গ্রহণ করতে উপস্থিত ছিলেন।
