অভিষেক নন, টাকা লেনদেনে এবার অরূপ বিশ্বাসের নাম! শালবনি কাণ্ডে সুমিতের বিস্ফোরক দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
September 21, 202612:22 pm
শালবনি জমি দুর্নীতি মামলায় নতুন মোড়! তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আপ্ত সহায়ক (PA) সুমিত রায়ের সাম্প্রতিক বক্তব্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
কার নির্দেশে হত টাকা লেনদেন? সম্প্রতি ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের পর সুমিত রায়ের আইনজীবী অগ্নিশ বসু জানান, জেরায় সুমিতকে দলের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে সুমিত স্পষ্ট করেছেন যে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাকা জমা দিতেন না। ২০২০ সাল থেকে দলের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অরূপ বিশ্বাসের নির্দেশ অনুসারেই সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন হত। দলের সংবিধান অনুযায়ী ট্রেজারার যে নির্দেশ দিতেন, সুমিত সেটাই পালন করতেন।
তদন্তকারী সংস্থার দাবি ও বৈপরীত্য: তবে সুমিতের এই মন্তব্যের পর সিআইডির পেশ করা চার্জশিটের তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কারণ, আদালতকে দেওয়া সিআইডির নথিতে বলা হয়েছিল— অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘টি ঘোষ’ নামক এক ব্যক্তি সুমিতকে টাকা দিতেন। তদন্তকারী সংস্থার অভিযোগ, শালবনির সরকারি খাস জমি ভুয়ো নথির মাধ্যমে হাতবদল করে যে বিপুল অর্থ মিলত, তা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার হাত ঘুরে সুমিতের অফিসে পৌঁছাত।
কোথায় শেষ হবে আর্থিক লেনদেনের সূত্র? এই দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিষেকের দেহরক্ষী ও গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেনের বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জালিয়াতির মাধ্যমে আসা এই টাকার আসল উৎস কোথায় এবং শেষ পর্যন্ত এই অর্থ কাদের কাছে পৌঁছেছে—তা জানতেই সুমিত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
