অরণ্য থেকে শহরের আনাচে-কানাচে! স্বাধীনতা দিবসেই ‘মগজের নকশাল’দের চিহ্নিত করে চরম হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে দেশকে সন্ত্রাসমুক্ত করার বার্তা দিয়ে ‘মগজের নকশাল’দের বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানান, জঙ্গলে বন্দুকধারী মাওবাদীদের শক্ত হাতে দমন করা সম্ভব হলেও, সমাজের গভীরে লুকিয়ে থাকা ‘দিমাগি নকশাল’রা এখনও হিংসা ছড়ানো ও তরুণদের বিভ্রান্ত করার সুযোগ খুঁজছে। বিগত চার দশক ধরে বহু নিরপরাধ নাগরিক ও হাজার হাজার পুলিশ কর্মীর রক্তে রঞ্জিত হয়েছিল দেশের মাটি, যা বহু পরিবারের স্বপ্নকে ধ্বংস করে দেয়। ২০১৪ সাল থেকে শুরু হওয়া কঠোর পদক্ষেপে হিংসার সেই কালো অধ্যায় আজ শেষের মুখে দাঁড়িয়েছে।
সুরক্ষিত ও ‘বিকশিত ভারত’ গড়ে তুলতে এই ধরনের আদর্শগত সমাজবিরোধী মানসিকতাকে চিহ্নিত করে একঘরে (আইসোলেট) করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, যে অঞ্চলে একসময় লালসন্ত্রাসের দাপট ছিল, সেখানে আজ উন্নয়ন ও বিশ্বাসের তেরঙ্গা উড়ছে। তবে তরুণ প্রজন্মকে সঠিক পথে চালিত করতে এবং সংবিধান রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। বন্দুকের নকশালবাদকে যেমন পরাস্ত করা গেছে, তেমনি সমাজকে ভুল পথে চালিত করার এই অন্তর্ঘাতী চক্রান্তকেও প্রতিহত করাই বর্তমান ভারতের মূল সংকল্প।
