অর্ধেক দামে পুজোয় রেশন সামগ্রী! রাজ্যবাসীর জন্য বিরাট উপহার খাদ্যমন্ত্রীর

রাজ্যে দুর্গাপুজো উপলক্ষ্যে রেশন কার্ডধারীদের জন্য বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এর ফলে রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার সরাসরি উপকৃত হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, অতীতে রেশনের নির্দিষ্ট কিছু সামগ্রীতে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হলেও, এবার তা বাড়িয়ে সরাসরি ৫০ শতাংশ করা হয়েছে। এর ফলে বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে এই সামগ্রীগুলি সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ।
এই বিশেষ প্যাকেজের আওতায় প্রতিটি পরিবারকে এক কেজি চিনি, এক কেজি ময়দা ও আড়াইশো গ্রাম সুজি দেওয়া হবে। বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সত্ত্বেও উৎসবের মরসুমে এই প্যাকেজের জন্য রাজ্য সরকার অতিরিক্ত ১১৪ কোটি টাকা ব্যয় করছে। আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই এ বছর সামগ্রীগুলি অর্ধেক দামে দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য নয়, বরং রাজ্যের সব রেশন কার্ডধারী পরিবারই এর আওতায় আসবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
