অসুস্থতা হার মানল জেদের কাছে: হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দুই লড়াকু ছাত্রী!
উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই মালদার বুলবুলচণ্ডীতে নজিরবিহীন মানসিক শক্তির পরিচয় দিল দুই পরীক্ষার্থী। গোলাপগঞ্জের আবিতা পারভিন পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, মুচিয়া মহাদেবপুরের বৃষ্টি পোদ্দার শারীরিক সমস্যার কারণে আগে থেকেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের শিক্ষা সফরের পথে।
চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে এবং প্রশাসনের সহযোগিতায় হাসপাতালের শয্যাতেই চলছে তাদের পরীক্ষা। বুলবুলচণ্ডী জিএসভি উচ্চ বিদ্যালয় ও আইহো উচ্চ বিদ্যালয়ের এই দুই ছাত্রীর লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। অসুস্থতা সত্ত্বেও পরীক্ষা দেওয়ার এই অদম্য ইচ্ছা বর্তমানে জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

