অ্যানথ্রোপিকের সিইও-র হুঁশিয়ারি: এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 20266:33 pm
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা অ্যানথ্রোপিকের সিইও ডারিও আমোডি। তাঁর মতে, ভবিষ্যতের অতি শক্তিশালী এআই ব্যবস্থা যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা মানবসভ্যতার অস্তিত্বের জন্য চরম সংকট তৈরি করতে পারে। এমনকি এর জেরে সমগ্র মানবজাতি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
তবে এই পরিণতি যে অনিবার্য নয়, তাও স্পষ্ট করেছেন আমোডি। তাঁর মূল উদ্বেগ হলো, এআই-এর সক্ষমতা যে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে উঠছে না। বর্তমান প্রতিযোগিতার যুগে বড় প্রযুক্তি সংস্থাগুলি শুধুমাত্র নিজেদের মতো করে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, যা ভবিষ্যতের ঝুঁকি এড়ানোর জন্য যথেষ্ট নয়। তাই স্বাধীন মূল্যায়নকারী সংস্থার মাধ্যমে কঠোর নিরাপত্তা পরীক্ষা এবং এআই উন্নয়নের গতি কিছুটা শ্লথ করার পক্ষে সওয়াল করেছেন তিনি।
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং এক্সএআই প্রধান এলন মাস্কেও এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও নিয়ন্ত্রণহীন বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসাবিজ্ঞান থেকে শিক্ষা ও প্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রে এআই বিপ্লব ঘটালেও, এর অপব্যবহার রোধে এখনই সুনির্দিষ্ট ও কঠোর নীতিমালা তৈরি না করলে ভবিষ্যতে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে পৃথিবী।
