অ্যানেস্থেসিয়ার ওষুধ কোথা থেকে এল? মুখে কুলুপ ধৃত অ্যানেস্থেটিস্টের, শিশুমৃত্যু মামলায় নতুন মোড়! – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ধমানে চার বছরের শিশু অরণ্য রায়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফাইমোসিসের অস্ত্রোপচারের পর মৃত্যুর ঘটনায় ধৃত অ্যানেস্থেটিস্ট বনজকুমার দে অ্যানেস্থেসিয়ার ওষুধ কোথা থেকে এনেছিলেন, তা তদন্তকারীদের কাছে কিছুতেই প্রকাশ করছেন না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও ওষুধের উৎস সম্পর্কে তিনি সম্পূর্ণ নীরব রয়েছেন। অস্ত্রোপচারের পর শিশুর জ্ঞান ফেরার আগেই তিনি নার্সিংহোম ছেড়ে চলে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ধৃত অ্যানেস্থেটিস্টকে বর্ধমানের সিজেএম আদালতে হাজির করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ অক্টোবর তাঁকে ফের আদালতে পেশ করা হবে। অপারেশন থিয়েটারের কর্মীদের দাবি, অজ্ঞান করার ওষুধ চিকিৎসক নিজেই নিয়ে এসেছিলেন। তবে দুর্গাপুরের ল্যাবরেটরি থেকে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে আসার পর তদন্ত আরও গতি পাবে বলে জানিয়েছে পুলিশ।
