‘আজ না হয় কাল, কিন্তু আমরা থামব না!’ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ ও এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী জোট ‘ইন্ডি’-র লাগাতার প্রতিবাদ অব্যাহত। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে তেজস্বী যাদব, মহুয়া মৈত্র, প্রিয়ঙ্কা গান্ধী ও ডি রাজার মতো শীর্ষ রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে এক চা-চক্রের আয়োজন করা হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার স্পষ্ট করেন রাহুল গান্ধী। দেশের গণতন্ত্রকে বিপন্ন দাবি করে তা পুনঃপ্রতিষ্ঠার আহ্বানের পাশাপাশি জনসমর্থনের জন্য তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। প্রতিবাদের পরবর্তী রণকৌশল এখনই প্রকাশ্যে না এনে বিষয়টিকে ‘সারপ্রাইজ’ হিসেবেই রাখতে চেয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে দেশের বিচারা ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে রাহুল গান্ধী জানান, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তাঁদের বেশ কিছু দাবি জানিয়ে আবেদন জমা করা হয়েছে, যা গৃহীতও হয়েছে। দেশের প্রধান বিচারপতি এবং শীর্ষ আদালত বিচার প্রক্রিয়ায় নিজের সঠিক ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে রাজনৈতিক দল হিসেবে তাঁদের এই আন্দোলন এবং ন্যায়সংগতির লড়াই শেষ পর্যন্ত জারি থাকবে বলে অত্যন্ত দৃঢ় বার্তা দেন বিরোধী দলনেতা।
