‘আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল!’ গুরুগ্রামের বাড়ি ঘিরে পুলিশি পাহারা, বিস্ফোরক দাবি ইউটিউবার ধ্রুব রাঠির – এবেলা

‘আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল!’ গুরুগ্রামের বাড়ি ঘিরে পুলিশি পাহারা, বিস্ফোরক দাবি ইউটিউবার ধ্রুব রাঠির – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে অঘোষিতভাবে গৃহবন্দি করে রাখার বিস্ফোরক অভিযোগ উঠল। তাঁর দাবি, গুরুগ্রামে তাঁর বাড়ির চারপাশ ঘিরে রেখেছে ৫০ জনেরও বেশি পুলিশকর্মী। এমনকি INDIA জোটের সুপ্রিম কোর্ট অভিযান ও প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাঁকে গ্রেফতার বা তুলে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

লাল্লানটপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধ্রুব রাঠি জানান, INDIA জোটের অভিযানে যোগ দেওয়া এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামতে চাওয়ায় তাঁর ওপর এই নজরদারি চলছে। তিনি বলেন, “আমি যেখানেই যাই, ওরা আমাকে অনুসরণ করছে। আমার গাড়ির পেছনে ৩-৪টে গাড়ি ঘুরছে। বলা হচ্ছে, আন্দোলনে সামিল হলেই তুলে নেওয়া হবে।”

নাগরিকত্ব বিতর্ক ও পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ সম্প্রতি ধ্রুব রাঠির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা ভাস্কর রাও দাবি করেছিলেন যে তিনি নাকি জার্মান নাগরিক এবং ভিনদেশী হয়ে ভারতের রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া সংবিধানের নিয়ম লঙ্ঘন। এই গুঞ্জন উড়িয়ে রবিবার সকালে নিজের ভারতীয় পাসপোর্ট প্রকাশ্যে এনে ধ্রুব রাঠি সাফ জানিয়ে দেন, “আমি একজন ভারতীয় নাগরিক ছিলাম, আছি এবং থাকব। ভারতীয় হিসেবে বাকি পাঁচজনের যা অধিকার রয়েছে, আমারও ঠিক তাই আছে।”

শনিবার যন্তর মন্তর অভিযানের আগে তাঁকে জোর করে আটক করার ভয়ঙ্কর অভিজ্ঞতাও শেয়ার করেন এই ইউটিউবার। তাঁর অভিযোগ, সাদা পোশাকে প্রায় ২০ জন ব্যক্তি তাঁর বাড়িতে চড়াও হন এবং বেডরুম থেকে তাঁকে কার্যত কিডন্যাপ করে নিয়ে যায়। ধ্রুবর কথায়, “মায়ের চিৎকার শুনে আমি বেডরুমের দরজা খুলতেই ওরা ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়ে। গুন্ডার মতো সিঁড়ি দিয়ে হিঁচড়ে আমাকে টেনে নিয়ে যাওয়া হয়। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছিল এবং প্রায় ২২-২৩ ঘণ্টা আমাকে আটকে রাখা হয়।”

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে, এবং সামাজিক মাধ্যমে তা নিয়ে জোরদার চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *