‘আমাদের লোক ওদের দলে’, দলবদলু মদনের সঙ্গে সাক্ষাতের পর বোমা ফাটালেন কুণাল! – এবেলা

এবেলা ডেস্কঃ
মাত্র দু’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র। কিন্তু শুক্রবারই বিধানসভায় কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে কি দু’দিনেই মোহভঙ্গ হল কামারহাটির বিধায়কের? কুণাল ঘোষের একটি বিস্ফোরক মন্তব্য এই জল্পনায় কার্যত ঘি ঢেলেছে।
কুণালের দাবি: ‘আমাদের লোক ওদের দলে’ মদন মিত্রের সঙ্গে সাক্ষাতের পর জল্পনা উসকে দিয়ে কুণাল ঘোষ বলেন, “মদনদা সশরীরে ওদিকে গেলেও, মনটা এদিকেই পড়ে আছে। ইডি দিয়ে কাপুরুষের মতো বউদি আর ছেলেদের নোটিশ দেওয়া হয়েছে। তবে আমরা চাই উনি ভালো থাকুন। দু-চারদিন যা মন চায় করুক, আমরাও জানব, আমাদের একটা লোক অন্তত ওদের দলে রইল!”
এর আগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছিলেন যে, ইডি-সিবিআইয়ের ভয়ে যাঁরা দল ছাড়ছেন, তাঁরা আসলে বাধ্য হয়েই যাচ্ছেন এবং গোপনে যোগাযোগ রাখছেন।
কী বলছেন মদন মিত্র? দলবদলের পর পুরনো সতীর্থদের সঙ্গে এই সাক্ষাৎ প্রসঙ্গে মদন মিত্র জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “ঢোকার রাস্তা একটু এদিক-ওদিক হলেও গন্তব্য তো একটাই— বিধানসভা! দিদিই তো বলেছেন যাঁদের ভয় বা অসুবিধা আছে তাঁরা যেন চলে যায়, তাই আমি চলে এসেছি।”
ইডি-র চাপের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মদন স্পষ্ট জানান, কালীঘাটের বর্তমান স্টাইলে বিজেপিকে রোখা সম্ভব নয়, তাই তিনি ঋতব্রতর নেতৃত্বে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই না থেমে বিরোধী দলনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে মদন বলেন, “শুভেন্দুর তো ফ্যান হবেই লোকে। এই মুহূর্তে রাজ্যের যুবনেতাদের মধ্যে শুভেন্দু অন্যতম শ্রেষ্ঠ।”
