‘আমি তো চুমুও খাইনি!’ অন্তরঙ্গ দৃশ্য বিতর্কে এবার বিস্ফোরক যশ – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণী সুপারস্টার যশের আগামী গ্যাংস্টার ড্রামা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই তোলপাড় সৃষ্টি করেছে নেটপাড়ায়। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি কিয়ারা আদভানি, তারা সুতারিয়া সহ পাঁচ অভিনেত্রীর সঙ্গে যশের অনস্ক্রিন রসায়ন নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই ছবিটির কিছু ঘনিষ্ঠ দৃশ্য এবং সেন্সর বোর্ডের ‘এ’ (A) সার্টিফিকেট পাওয়া নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অবশেষে সব বিতর্ক উড়িয়ে নিজের নীরবতা ভাঙলেন স্বয়ং যশ।
একটি জনপ্রিয় শো-তে হাজির হয়ে অভিনেতা স্পষ্ট জানান, ছবিতে যা দেখানো হয়েছে তা নিয়ে অযথাই ভুল ধারণা তৈরি করা হচ্ছে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, “অশ্লীলতা পুরোপুরি অন্যায়। কিন্তু সত্যি বলতে, আপনারা যদি ছবিটি দেখে থাকেন তবে জানবেন—আমি তো চুমুও খাইনি!” দৃশ্যগুলির নান্দনিকতার ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে শ্যুটিং করা হয়েছে এবং পর্দায় ফুটে ওঠা নান্দনিকতা পরিচালকের শৈল্পিক দৃষ্টিভঙ্গিরই ফসল। পুরো সিনেমাটি দেখলে দর্শকরা পরিচালকের মূল বার্তাটি বুঝতে পারবেন।
গীতু মোহনদাস পরিচালিত ও কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে দেখা যাবে নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। ছবিতে যশ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলেও গুঞ্জন রয়েছে। আগামী ২৬শে আগস্ট ২০২৬-এ একাধিক ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, ২০২৬ সালের দিওয়ালিতে (৮ই নভেম্বর) বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ ১’ ছবিতেও শক্তিশালী ‘রাবণ’ চরিত্রে নজর কাড়তে চলেছেন এই সুপারস্টার।
