আমেরিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে এবার কোন মহা-হুঁশিয়ারি দিলেন খামেনেই! – এবেলা

আমেরিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে এবার কোন মহা-হুঁশিয়ারি দিলেন খামেনেই! – এবেলা

এবেলা ডেস্কঃ

গোপন ঘাঁটি থেকে দেওয়া এক বার্তায় আমেরিকার বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। হযরত মোহাম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ওই বার্তায় তিনি মুসলিম বিশ্বের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রতিরক্ষার উপর সর্বোচ্চ জোর দিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যাঁরা মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেন, তাঁরা আদতে ইসলামের শত্রুদেরই মদত জুগিয়ে চলেছেন। ফিলিস্তিনের বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য মুসলিম ঐক্যের অভাবকেই দায়ী করে তিনি প্রশ্ন তোলেন, উপসাগরীয় দেশগুলির সরকার ও সাধারণ মানুষ যদি একসঙ্গে থাকত, তবে বাইরের কোনো শক্তি এমন আগ্রাসনের সাহস পেত না।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় তৎকালীন সুপ্রিম লিডার আয়াতল্লা আলি খামেনেই ও তাঁর পরিবারের একাধিক সদস্য নিহত হন। সেই হামলায় গুরুতর জখম হয়ে দীর্ঘসময় পর্দার আড়ালে চিকিৎসাধীন ছিলেন মোজতবা খামেনেই। পরবর্তী সময়ে তাঁকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়। প্রকাশ্যে সামনে না এলেও তাঁর এই নতুন বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর তাৎপর্য বহন করছে। মোজতবা খামেনেই উপসাগরীয় রাষ্ট্রগুলোর শাসক ও সাধারণ জনগণকে প্রকৃত শত্রু চিহ্নিত করে তাদের দূরভিসন্ধি প্রতিহত করতে এক হওয়ার তাগিদ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *