আম্বানির চিকিৎসাতেও কাজ হলো না! বেলডাঙার ভাইরাল ‘জলমানব’ ইকবালের নতুন বিপদে চিকিৎসকরাও হতবাক – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ে দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফেরার মাস না ঘুরতেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছে মুর্শিদাবাদের বেলডাঙার ‘জলমানব’ ইকবাল। শরীরে তীব্র জ্বালাপোড়ার যন্ত্রণা কমাতে একসময় ঘণ্টার পর ঘণ্টা জলে ডুবে থাকা ১৭ বছরের এই কিশোরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। সম্প্রতি অস্বাভাবিক হারে ওজন বাড়ার পাশাপাশি হাঁটাচলার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে সে। বর্তমানে শয্যাশায়ী ইকবালের সারা শরীরে অসহ্য যন্ত্রণা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।
রোগা হওয়ার উদ্দেশ্যে বর্তমানে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ইকবাল। তবে চিকিৎসায় ওজন কমার বদলে উলটে তা বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কে দিন কাটছে তার। শরীরের জটিল পরিস্থিতি এবং বাড়তে থাকা ব্যথার কারণে এখন খোদ ইকবালের মনেই দেখা দিয়েছে তীব্র মৃত্যুভয়। কয়েক মাস আগে ভাইরাল হওয়ার পর স্বয়ং অনন্ত আম্বানির উদ্যোগে আকাশপথে মুম্বই নিয়ে গিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে গত সেপ্টেম্বরে সুস্থতার আশা নিয়ে বেলডাঙার বাড়িতে ফিরলেও, বর্তমানে নতুন করে উদ্ভূত এই পরিস্থিতি চিকিৎসকদেরও চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।
