আরজি কর কাণ্ডে বিরাট মোড়! তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে নতুন এফআইআর দায়ের হতেই শোরগোল! – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি করের চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দীর্ঘ দুই বছর পর নড়েচড়ে বসল প্রশাসন। তথ্যপ্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ তুলে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশের পরই এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। রবিবার জলহাটিতে আয়োজিত এক স্মরণসভায় নির্যাতিতার বাবা-মা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে ঘটনার নানা অস্পষ্ট দিক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এরপরই দ্রুত তদন্তের স্বার্থে একটি নতুন মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়।
সোমবারই নির্যাতিতার পরিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্তের আওতায় আনা হয়েছে বেশ কয়েকজনের নাম এবং তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, দ্রুত দেহ দাহ করার ঘটনা থেকে শুরু করে দাহকার্যের খরচ সংক্রান্ত অমীমাংসিত প্রশ্নগুলোও নতুন এই তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিবিআই ও আদালতের চলমান প্রক্রিয়ার পাশাপাশি পুলিশের এই বিশেষ পদক্ষেপ মামলার গতিপ্রকৃতি সম্পূর্ণ বদলে দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
