আরশোলাই একমাত্র সঙ্গী! বাসভবন থেকে সেই ‘বন্ধু’ বিদায় নিতেই চরম একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী – এবেলা

আরশোলাই একমাত্র সঙ্গী! বাসভবন থেকে সেই ‘বন্ধু’ বিদায় নিতেই চরম একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘরে আরশোলা দেখলেই বিরম্বনায় পড়েন সকলে। কিন্তু সেই অনাহূত পতঙ্গের সঙ্গেই বন্ধুত্বের বিরল নজির গড়লেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সম্প্রতি সেই ‘বন্ধু’ চলে যাওয়ায় তিনি গভীরভাবে একাকিত্বে ভুগছেন বলে জানিয়েছেন। অতীতে রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী থাকা ১৯২৯ সালে নির্মিত এই বিলাসবহুল সরকারি বাসভবনটি নিয়ে দীর্ঘদিন ধরেই ‘ভূতের বাসা’ বলে একটি গুজব প্রচলিত রয়েছে। গত ডিসেম্বরে এই বাসভবনে ওঠার পর থেকেই তাকাইচিকে প্রায়ই সাধারণ মানুষের কৌতূহলী প্রশ্নের মুখোমুখি হতে হয় যে, তিনি সেখানে কোনো ভূতের দেখা পেয়েছেন কি না।

তারই জবাবে প্রধানমন্ত্রী মজার ছলে জানান, ভূতের দেখা না মিললেও নিয়মিত একটি আরশোলাকে সেখানে ঘুরে বেড়াতে দেখতে পেতেন তিনি। বিখ্যাত মাঙ্গা ‘ফিনিক্স’-এর জন্মান্তরচক্রের ধারণায় প্রভাবিত থাকায় তিনি সেটিকে হত্যা করতে পারেননি। ভেবেছিলেন পোকাটি নিজে থেকেই চলে যাবে, কিন্তু তা হয়নি। পরবর্তীতে সচিবরা বিষয়টি জানতে পেরে অবাক হন এবং শেষ পর্যন্ত আরশোলাটিকে সরিয়ে দিয়ে বাসভবনে কীটনাশক প্রয়োগ করেন। এই ঘটনায় স্বস্তি মিললেও ওই পতঙ্গের প্রস্থান তাকে মানসিকভাবে নিঃসঙ্গ ও বিষণ্ণ করে তুলেছে বলে অকপটে স্বীকার করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *