‘আর নয়…’, আইপিএলের মেগা নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া? – এবেলা

‘আর নয়…’, আইপিএলের মেগা নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া? – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের আঙিনায় ফের এক বিরাট পটপরিবর্তনের ইঙ্গিত। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্বভার নেওয়ার পর থেকেই যে বিতর্কের শুরু হয়েছিল, তা এবার চূড়ান্ত রূপ নিতে চলেছে। ক্রিকেট মহলে জোর গুঞ্জন, মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএল ২০২৬-এ দলের চরম বিপর্যয় এবং লাগাতার ব্যর্থতার জেরে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং ফ্র্যাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের মাঝপথেই হার্দিক ম্যানেজমেন্টকে নিজের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

নেতৃত্বের চাপ ও ড্রেসিংরুমের অন্তর্দ্বন্দ্ব

২০২৪ সালে গুজরাত টাইটান্স ছেড়ে হার্দিক যখন মুম্বইয়ে ফিরেছিলেন, তখন তাঁকে দলের ভবিষ্যৎ মুখ হিসেবেই ভাবা হয়েছিল। কিন্তু রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক হওয়ার পর থেকেই গ্যালারির ক্ষোভ ও দুয়োধ্বনির মুখে পড়তে হয় তাঁকে। শুধু বাইরের সমালোচনা নয়, দলের অন্দরের পরিবেশও হার্দিকের এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গেছে, ২০২১ সালের মতো চেনা ও ঐক্যবদ্ধ ড্রেসিংরুম এবার পাননি হার্দিক। দলের একাধিক সিনিয়র খেলোয়াড়ের মধ্যে মতের অমিল ছিল স্পষ্ট। অধিনায়কের অধীনে প্রত্যেকে আলাদা আলাদা মেরুতে থাকায় দলগত সমন্বয় তৈরি করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এর পাশাপাশি ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়া এবং পিঠের চোট হার্দিককে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেয়। প্লে-অফের দৌড় থেকে দল ছিটকে যেতেই তিনি জানিয়ে দেন, আগামী মরসুমে আর নীল-জার্সিতে তাঁকে দেখা যাবে না।

মুম্বইয়ের ভবিষ্যৎ ও নতুন অধিনায়কের খোঁজ

হার্দিকের এই আকস্মিক প্রস্থান মুম্বই ইন্ডিয়ান্সকে এক গভীর অধিনায়ক সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। কোটি টাকার ফ্র্যাঞ্চাইজিটি এখন কোন পথে হাঁটবে, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। হার্দিক আগামী মেগা নিলামে উঠবেন নাকি অন্য কোনো দলে ট্রেড হবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে মুম্বইয়ের জন্য এখন বড় চ্যালেঞ্জ নতুন নেতৃত্ব খুঁজে নেওয়া। স্বল্পমেয়াদে দলকে সামাল দিতে আবারও পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মার ওপর ভরসা করা হতে পারে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তরুণ ব্যাটার তিলক ভার্মাকে আগামীর অধিনায়ক করার বিষয়েও ফ্র্যাঞ্চাইজির অন্দরে আলোচনা শুরু হয়েছে। হার্দিকের এই বিদায় কেবল মুম্বই ইন্ডিয়ান্স নয়, আগামী মরসুলের আইপিএল সমীকরণেও বড়সড় রদবদল ঘটাতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *