আর নয় হয়রানি! সরকারি দপ্তরে কবে বসছে ‘জনতার দরবার’? বড় ঘোষণা নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ
সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষে এবার রাজ্যজুড়ে সরকারি দপ্তরে চালু হতে চলেছে ‘জনতার দরবার’। রাজ্য মুখ্যসচিবের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত থাকবেন আধিকারিকরা। এই সাক্ষাৎকারের জন্য সাধারণ মানুষের কোনো রকম আগাম অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের ফিল্ড-লেভেল অফিসারদের এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
মানুষের সুবিধার্থে আধিকারিকদের যোগাযোগের মোবাইল নম্বর ও ইমেল সকলের দৃশ্যমান স্থানে এবং সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ শোনার পাশাপাশি তার ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলি ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই গোটা প্রক্রিয়ার নিয়মিত নজরদারি চালাবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। প্রশাসনের এই ঐতিহাসিক পদক্ষেপে ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত নন এমন সাধারণ মানুষও সরাসরি দপ্তরে গিয়ে নিজেদের সমস্যার সমাধান পেতে চলেছেন।
