আর ৪৫ দিনের দীর্ঘ অপেক্ষা নয়! এলপিজি বুকিংয়ে বড় ছাড় দিল কেন্দ্র – এবেলা

আর ৪৫ দিনের দীর্ঘ অপেক্ষা নয়! এলপিজি বুকিংয়ে বড় ছাড় দিল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

গৃহস্থালির রান্নার গ্যাস (এলপিজি) সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় ছাড় দিল কেন্দ্র। এতদিন গ্রামীণ এলাকায় একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হতো। নতুন সিদ্ধান্তে সেই বৈষম্য দূর করে শহর ও গ্রাম—উভয় অঞ্চলের জন্যই এই সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী এই সিদ্ধান্তের কথা জানিয়ে সরকারি তেল বিপণন সংস্থাগুলিকে অবিলম্বে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

কেন শিথিল হলো নিয়ম? পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে দেশে রান্নার গ্যাসের জোগানে সংকট তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতেই বুকিংয়ের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হয় এবং গ্রামীণ এলাকায় ৪৫ দিনের ব্যবধান রাখা হয়। তবে বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং সিলিন্ডারের ওয়েটিং লিস্টও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সেই কারণেই কেন্দ্র এই কঠোর নিয়ম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এলপিজি বিক্রির চিত্র ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি অন্যদিকে, দেশে সার্বিক এলপিজি বিক্রির পরিমাণ কিছুটা কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, অগস্ট মাসে এলপিজি বিক্রি ১৬.১% কমে দাঁড়িয়েছে ২৪.২ লক্ষ টনে (জুলাইয়েও বিক্রি কমেছিল ১৭.৪%)। শিল্পক্ষেত্রের একটি অংশ মনে করছে, আন্তর্জাতিক অস্থিরতার পর অনেক শিল্প ও বাণিজ্যিক গ্রাহক পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের (PNG) ব্যবহার বাড়িয়েছেন।

এরই পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ানো হয়েছে। হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৭৪৭ টাকা ৫০ পয়সা (পূর্বে ছিল ২,৭৩৮ টাকা)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *