ইউনেস্কো পুজো ও নজরুল উৎসবে তছরুপের অভিযোগ! সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখে ইন্দ্রনীল সেন – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: দুর্গাপুজোর ইউনেস্কো (UNESCO) হেরিটেজ স্বীকৃতি উদযাপন এবং নজরুল উৎসবের সরকারি তহবিলে আর্থিক অনিয়মের মামলায় সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। কেন্দ্রীয় এজেন্সির তলবে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও দপ্তরে হাজিরা দেওয়ার পর তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, বিগত বছরগুলিতে ইউনেস্কোর স্বীকৃতি উদ্যাপন অনুষ্ঠান এবং নজরুল উৎসব আয়োজনের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ করা হয়েছিল, সেই সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাবে একাধিক গুরুতর অসঙ্গতি দেখা গেছে। প্রাথমিক তদন্ত ও নথিপত্র খতিয়ে দেখার পর এই হাইপ্রোফাইল আর্থিক অনিয়মের বিষয়ে বিস্তারিত জানতেই প্রাক্তন প্রতিমন্ত্রীকে তলব করা হয়েছিল।
উৎসবের মরশুম শুরুর ঠিক আগেই ইডির এই তৎপরতায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে প্রভাব রাখা এই নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির কড়া পদক্ষেপ শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এই জিজ্ঞাসাবাদের পর জল কতদূর গড়ায় এবং তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
