উচ্ছেদ অভিযানে চা-খাবারের খরচ ৪৬ লক্ষ! রাজকোট পুরসভার দুর্নীতি নিয়ে তুলকালাম – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজকোট: সরকারি উচ্ছেদ অভিযানের আড়ালে কি চলছে বিপুল আর্থিক জালিয়াতি? গুজরাটের রাজকোটে একটি উচ্ছেদ অভিযানের খরচের ফিরিস্তি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। মাত্র তিন দিনের অভিযানে চা, বিস্কুট আর দুপুরের খাবারের পিছনে খরচ দেখানো হয়েছে আকাশছোঁয়া—যা নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
খাবারের বিলই ২৭ লক্ষ!
সম্প্রতি রাজকোটের জাঙ্গলেশ্বর এলাকায় অজি নদীর তীরে প্রায় ১৪০০টি অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয় রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরসভার এই অভিযান প্রশংসিত হলেও, এর ‘খাবার বিল’ দেখে চক্ষু চড়কগাছ সকলের। হিসাব অনুযায়ী:
- চা ও জলখাবার: তিন দিনে ২১,৩১০ কাপ চা, অগণিত বিস্কুট ও জলখাবারে খরচ হয়েছে ৬ লক্ষ ৩০ হাজার টাকারও বেশি।
- লাঞ্চ প্যাকেট: ১৩,৩৯০ প্লেট স্পেশাল লাঞ্চ প্যাকেট ও অন্যান্য খাবার মিলিয়ে খাবারের মোট খরচ দাঁড়িয়েছে ২৭ লক্ষ ২০ হাজার টাকায়।
- জল ও অন্যান্য: মিনারেল ওয়াটার এবং মণ্ডপ সজ্জার খরচ যোগ করলে এই অভিযানের মোট ব্যয় গিয়ে ঠেকেছে প্রায় ৪৬ লক্ষ ৩১ হাজার টাকায়।
দুর্নীতির অভিযোগ ও তদন্তের দাবি
পুরসভার এই অস্বাভাবিক খরচের বহর দেখে অবাক স্ট্যান্ডিং কমিটিও। খাবারের খরচের ওই প্রস্তাবিত বিল আপাতত স্থগিত রাখা হয়েছে। কেন ৪৮০০ কর্মীর জন্য এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলো, তা নিয়ে পুর-কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, সাধারণ মানুষের বাড়ি ভেঙে ফেলার উচ্ছেদ অভিযানকে ঢাল করে পুরসভা বড়সড় আর্থিক দুর্নীতি করেছে। কংগ্রেসের দাবি, স্বচ্ছ তদন্ত করে দায়ীদের অবিলম্বে শাস্তির আওতায় আনা হোক। স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, চা-বিস্কুটের নামে কি সরকারি কোষাগার লুঠ করা হয়েছে?
