উত্তরবঙ্গে জলঢাকা নদীর চরম রূপ, প্লাবনের আশঙ্কায় কাঁপছে পাঁচ জেলা – এবেলা

এবেলা ডেস্কঃ
টানা ২৪ ঘণ্টার অবিরাম বর্ষণে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেচ দপ্তরের রিপোর্ট অনুযায়ী, কোচবিহারে রেকর্ড ১৪৩ মিলিমিটার এবং শীতলকুচিতে ১৪২.২০ মিলিমিটার অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার ও বানারহাটেও রেকর্ড বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে। এই বিপুল জলরাশির জেরে জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সাপ্টিয়াবাড়ি এলাকায় জলঢাকা নদী বর্তমানে বিপদসীমার অত্যন্ত কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সংলগ্ন বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন ও সেচ দপ্তর কড়া নজরদারি শুরু করেছে।
টানা বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের একাধিক নদীতে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। জলপাইগুড়ির আংরাভাসা নদী, দার্জিলিংয়ের চেঙ্গা, বালাসন, তিস্তা ও পঞ্চানই নদীসহ বিভিন্ন এলাকায় কয়েকশো মিটার জুড়ে পাড় ভাঙছে। নকশালবাড়ি, মাটিগাড়া এবং বাগডোগরা অঞ্চলের বহু বসতি ও বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। মহানন্দা নদীর পোরাঝার বাঁধেও ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি কোচবিহারের তুফানগঞ্জে গদাধর নদীর ভাঙনে আতঙ্কিত বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন।
