“এআই-এর ধাক্কায় ভেঙে পড়বে প্রথাগত ফিল্ম ইন্ডাস্ট্রি!” বিস্ফোরক ভবিষ্যদ্বাণী রাম গোপাল বর্মার – এবেলা

এবেলা ডেস্কঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) কি এবার সিনেমার ভবিষ্যৎ চিরতরে বদলে দেবে? বিনোদন দুনিয়া যখন এই প্রযুক্তি নিয়ে আশঙ্কায় দিন গুনছে, ঠিক তখনই এক বিতর্কিত মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করলেন প্রবীণ পরিচালক রাম গোপাল বর্মা। সম্প্রতি এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, এআই কেবল স্ক্রিপ্ট লেখা বা শুটিংয়ের স্টাইলই বদলাবে না, বরং এক লহমায় নিশ্চিহ্ন করে দিতে পারে আজকের বিশাল ‘ফিল্ম ইন্ডাস্ট্রি’কে!
আরজিভি-র মতে, চলতি বছরের শেষের দিকেই এমন হাজার হাজার এআই এজেন্ট বা ‘প্রোডাকশন সোয়ার্ম’ চলে আসবে, যা সিনেমা তৈরির সব নিয়ম বদলে দেবে। এআই কেবল স্ক্রিপ্ট লিখবে তা নয়; একই ধারণা থেকে একাধিক প্রতিযোগী চিত্রনাট্য তৈরি করে, সেগুলোর উত্তেজনা, চরিত্রের গভীরতা ও পরিণতি চুলচেরা বিচার করে নিখুঁত এক রূপ দেবে। দুর্বল অংশ বাদ পড়ে সামনে আসবে সেরা স্ক্রিপ্ট।
পরিচালক আরও জানান, এর ফলে নির্মাতাদের আর অভিনেতাদের ডেট পাওয়া বা লোকেশন খোঁজার মতো সমস্যায় পড়তে হবে না। এমনকি এডিটিং, কালার গ্রেডিং, ভিএফএক্স বা সাউন্ড মিক্সিংয়ের মতো পোস্ট-প্রোডাকশনের কাজগুলোর জন্য মাসের পর মাস অপেক্ষা করার দিন শেষ। সব কাজ নিমেষে একযোগে করা সম্ভব হবে। বাজেট বা স্কেলের সীমাবদ্ধতা উঠে যাওয়ায় ভিজ্যুয়াল কনটেন্ট বানানো হবে সহজ ও সাশ্রয়ী।
তবে আসল চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে আরজিভি বলেন, “ছবি বানানোর ঘাটতি হয়তো মিটবে, কিন্তু মানুষের রুচির অভাব মেটানো সম্ভব নয়।” অর্থাৎ, সবাই যখন জটিল দৃশ্য নিমেষে বানিয়ে ফেলতে পারবে, তখন কোনটা বানানোর মতো যোগ্য তা বাছাই করাই হবে আসল পরীক্ষা। এমনকি মুক্তির পরেও দর্শকের পছন্দ অনুযায়ী গল্পের মোড় বা গতি পরিবর্তনের সুযোগ থাকবে। সদ্যই রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির প্রশংসা করে আলোচনায় আসা আরজিভি-র এই এআই-সংক্রান্ত ভবিষ্যৎবাণী পুরো ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
