একসঙ্গে ১৯ জেলায় প্রাথমিক শিক্ষা সংসদে বড় বদল রাজ্য শিক্ষা দফতরের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের প্রাথমিক শিক্ষা প্রশাসনিক ব্যবস্থায় এক অভাবনীয় রদবদল ঘটিয়ে একসঙ্গে ১৯টি জেলার প্রাথমিক শিক্ষা সংসদে নতুন চেয়ারম্যান নিয়োগ করল স্কুল শিক্ষা দফতর। আলিপুরদুয়ার, কলকাতা, নদিয়া, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ তালিকাভুক্ত জেলাগুলিতে নবনিযুক্ত চেয়ারম্যানদের অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের নির্দেশিকা অনুযায়ী, জেলা স্তরে প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণ ও গতিশীল করতে এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধুমাত্র নতুন নেতৃত্ব আনাই নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতির ওপরও এখন থেকে কড়া নজরদারি চালানো হবে। অননুমোদিত অনুপস্থিতি বা নিয়ম ভেঙে দীর্ঘদিন স্কুলে না আসার মতো ঘটনা রুখতে ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা পরিদর্শকদের কড়া বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা দফতরের এই জোড়া পদক্ষেপে জেলা স্তরে কাজের সমন্বয় বৃদ্ধির পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার মান আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
