‘এক দেশ এক নির্বাচন’ বিল পেশ পিছিয়ে গেল সংসদে, জেপিসি-কে রিপোর্ট জমার অতিরিক্ত সময় – এবেলা

‘এক দেশ এক নির্বাচন’ বিল পেশ পিছিয়ে গেল সংসদে, জেপিসি-কে রিপোর্ট জমার অতিরিক্ত সময় – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বা ‘এক দেশ এক নির্বাচন’ বিল নিয়ে মিলল বড় আপডেট। সংসদের চলতি বাদল অধিবেশনে এই বহুল চর্চিত বিলটি পেশ করা হচ্ছে না। বিলটির খুঁটিনাটি খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (JPC)-কে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও বাড়তি সময় দেওয়া হয়েছে।

বুধবার লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে স্থির হয়েছে, আগামী শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে জেপিসি তাদের রিপোর্ট পেশ করবে। জেপিসি-র চেয়ারম্যান পি.পি. চৌধুরী লোকসভায় এই সময়সীমা বাড়ানোর প্রস্তাব উত্থাপন করলে তা অনুমোদিত হয়।

বর্তমানে ৪১ জন সদস্য নিয়ে গঠিত এই যৌথ সংসদীয় কমিটি সংবিধানের ১২৯তম সংশোধনী বিল, ২০২৪ গভীরভাবে পর্যালোচনা করছে। বিলটির মূল উদ্দেশ্য হলো—সমগ্র দেশে একসঙ্গে লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলির (পুরসভা ও পঞ্চায়েত) নির্বাচন আয়োজনের একটি স্থায়ী সাংবিধানিক কাঠামো তৈরি করা। লক্ষ্যমাত্রা হিসেবে রাখা হয়েছে ২০২৯ সালকে। এর অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য এবং সংশ্লিষ্ট অংশীদারদের সাথে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বরের শেষভাগে শুরু হয়ে ডিসেম্বরে বড়দিনের আগেই শেষ হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই অধিবেশন শেষ হওয়ার ঠিক মুখেই কমিটিকে রিপোর্ট দিতে হবে।

তবে সরকারের এই পদক্ষেপে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একাধিক বিরোধী দল আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, শীতকালীন অধিবেশনের একেবারে শেষ মুহূর্তে রিপোর্ট জমা দিয়েই তড়িঘড়ি বিলটি সংসদে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে কেন্দ্র। ফলে এই গুরুত্বপূর্ণ বিলটি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার সুযোগ কম থাকতে পারে বলেই বিরোধীদের মত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *