এক পরিবারে টাকা পেলেন একজন, অন্যজন ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণা যোজনা ঘিরে তুমুল অশান্তি বাংলায় – এবেলা

এবেলা ডেস্কঃ
সরকারি ‘অন্নপূর্ণা যোজনা’-র ৩,০০০ টাকার কিস্তি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হতেই রাজ্যজুড়ে এক অদ্ভুত পারিবারিক টানাপোড়েন তৈরি হয়েছে। ১৭ আগস্ট থেকে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা পাঠানো শুরু করার পর থেকেই উত্তর ২৪ পরগনার বারাসাত, হাবড়া, দেগঙ্গা, বসিরহাটের মতো একাধিক এলাকার পরিবারগুলিতে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।
সমস্যার মূল কারণ—একই পরিবারের একাধিক মহিলা আবেদন করলেও সবার অ্যাকাউন্টে একসাথে টাকা পৌঁছায়নি। কোথাও শাশুড়ি টাকা পেলেও বউমার আবেদন ঝুলে রয়েছে ‘আন্ডার প্রসেস’-এ, আবার কোথাও ঠিক তার উল্টোটা ঘটছে। দত্তপুকুর ও অশোকনগরের বেশ কিছু পরিবারে এই বৈষম্যের কারণে শাশুড়ি-বৌমার মধ্যে মনকষাকষি থেকে শুরু করে বচসা পর্যন্ত গড়াচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষুব্ধ ও বিভ্রান্ত উপভোক্তারা সঠিক কারণ জানতে বিডিও এবং ব্লক অফিসে ভিড় জমাচ্ছেন, যার ফলে প্রশাসনিক আধিকারিকদেরও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
পরিস্থিতি নিয়ে রসিকতা করেই এক প্রশাসনিক কর্তা মন্তব্য করেছেন, “প্রকল্পের টাকা যেন ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে।” তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন স্পষ্ট জানিয়েছে যে, টাকা না আসা মানেই আবেদন বাতিল নয়। নথি ও তথ্য যাচাইয়ের জন্য সাময়িক সময় লাগছে। সমস্ত আবেদনকারী যোগ্য মহিলাই নিয়ম মেনে তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে আশ্বস্ত করা হয়েছে।
