‘এটা SIR নয়, সরাসরি ভোট চুরি!’ যমুনাতীরের বস্তিতে গিয়েই বিস্ফোরক রাহুল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20268:22 am
নয়াদিল্লি: দেশের বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়াকে ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে একে ‘সুপরিকল্পিত ভোট চুরি’ বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সম্প্রতি দিল্লির যমুনাতীরের বেলাইস্টেট ঝু্গি বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন রাহুল গান্ধী। পরে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও শেয়ার করে তিনি এক মারাত্মক তথ্যের অনাবরণ করেন।
৭২৮ জনের তালিকায় টিকে রইল মাত্র ১ জন!
রাহুল গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী, যমুনাতীরের ওই বেলাইস্টেট এলাকায় দীর্ঘ কয়েক দশক ধরে প্রায় ৭২৮ জন মানুষ বসবাস করছেন। ২০২৪-এর লোকসভা ও ২০২৫-এর দিল্লি বিধানসভা নির্বাচনেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। কিন্তু এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হতেই দেখা যায়, ৭২৮ জনের মধ্যে ৭২৭ জনের নামই রহস্যজনকভাবে তালিকা থেকে উধাও! রইল কেবল একটিমাত্র নাম।
রাহুল প্রশ্ন তোলেন— মুখ্য নির্বাচন কমিশনার যেখানে নিজেই জানিয়েছিলেন ‘হাউস নম্বর ০’ বেঘরদের জন্য প্রযোজ্য, সেখানে দশকের পর দশক ধরে বসবাসকারী এই খেটে খাওয়া মানুষগুলোর নাম কোন যুক্তিতে ছেঁটে ফেলা হলো?
সিস্টেমকে চরম হুঁশিয়ারি
নির্বাচন কমিশন ও কেন্দ্রকে কাঠগড়ায় তুলে রাহুল গান্ধী অত্যন্ত কড়া ভাষায় জানান, সাধারণ মানুষের এই ভোটাধিকার কেড়ে নেওয়ার খেলার শেষ দেখে ছাড়বেন তাঁরা। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তো একদিন পদ থেকে সরবেনই, তবে এই অন্যায়ের নেপথ্যে থাকা পুরো সিস্টেমেরই কড়া হিসাব নেওয়া হবে।”
বিতর্কের তুঙ্গে দিল্লির এসআইআর: উল্লেখ্য, দিল্লিতে সম্প্রতি ৯৭ লক্ষেরও বেশি ভোটারের খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তথ্যগত গরমিলের অজুহাতে ইতোমধ্যে ৩৩ লক্ষেরও বেশি মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, সম্পূর্ণ নিয়ম মেনে বুথ লেভেল অফিসাররা (BLO) যাচাইয়ের কাজ করছেন এবং আগামী ৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
