এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে দস্যু হামলা, অপহৃত ২২ ভারতীয় নাবিকের ভাগ্য ঘিরে তীব্র উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ সোমালিয়া ও ইয়েমেন উপকূলে আবারও ছড়াল তীব্র দস্যু আতঙ্ক। পৃথক দুটি চাঞ্চল্যকর ঘটনায় সশস্ত্র জলদস্যুরা ভারতীয় নাবিক ভর্তি জোড়া পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে। প্রথম ঘটনাটি ঘটে ইয়েমেন সংলগ্ন এডেন উপসাগরে, যেখানে ইরিত্রিয়ার পতাকাবাহী তেল ও রাসায়নিক ট্যাংকার ‘এম.টি. সিবু ১’-এর নিয়ন্ত্রণ নেয় ছয়জন সশস্ত্র দস্যু। এই জাহাজে থাকা ২০ জন ক্রু সদস্যের মধ্যে ১৬ জনই ভারতীয় নাগরিক। ডিরেক্টরেট অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুযায়ী, নাবিকরা আপাতত সুরক্ষিত থাকলেও ই-নাভিক পোর্টালের মাধ্যমে ঘটনার প্রতি মুহূর্তের আপডেট নজর রাখা হচ্ছে।
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে, যেখানে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ’ নামের একটি কার্গো জাহাজ দখল করে নেয় আটজনের এক দস্যু দল। মোগাদিসুর একটি তুর্কি সামরিক কেন্দ্রগামী অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামবাহী এই জাহাজে ৬ জন ভারতীয় নাবিকসহ ১০ জন কর্মী রয়েছেন। ইতিপূর্বে অন্য জাহাজ ছিনতাইয়ে যুক্ত থাকা এই দস্যু দলের হাতে সব মিলিয়ে মোট ২২ জন ভারতীয় বন্দী হওয়ায় আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও কূটনৈতিক মহল তৎপর হয়ে উঠেছে। অপহৃতদের বর্তমান অবস্থান এবং চরম সুরক্ষাহীনতা নিয়ে তাঁদের পরিবার ও সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
