কলকাতায় পানীয় জলের কলে মরা মাছ! জলের বোতল হাতে সোজা পুরসভায় ছুটলেন বৃদ্ধ শিক্ষক – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রত্যন্ত গ্রাম নয়, খোদ মধ্য কলকাতার পার্সিবাগান এলাকায় পানীয় জলের কল থেকে বেরোচ্ছে ময়লা এবং মরা মাছের মতো বস্তু। পরিশ্রুত পানীয় জলের এই বেহাল দশা দেখে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনার সূত্রপাত পার্সিবাগানের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল আনসারের বাড়ির জলের কল খুলতেই আচমকা নোংরা জল ও মরা মাছের মতো জিনিস বেরিয়ে আসে। এই চরম দূষিত জল পান করা বা দৈনন্দিন কাজে ব্যবহার করা আসাম্ভব হওয়ায় তীব্র সংকটে পড়ে তাঁর পরিবার।
পুরসভায় হয়রানির শিকার প্রবীণ শিক্ষক জলের গুণমান নিয়ে প্রশ্ন তুলে এবং ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে ওই দূষিত জলের বোতল ও একটি অভিযোগপত্র নিয়ে কলকাতা পুরসভায় ছোটেন শহিদুল বাবু। কিন্তু সেখানে গিয়ে তাঁকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়। তাঁর অভিযোগ:
- আধিকারিকরা মূল সমস্যার দিকে নজর না দিয়ে তাঁর অভিযোগপত্রের সামান্য ভুলত্রুটি ধরতে বেশি ব্যস্ত ছিলেন।
- একটি ছোট ভুলের অজুহাতে ওই প্রবীণ মানুষকে একাধিক কর্তার দপ্তরে ঘুরতে বাধ্য করা হয়।
- অবশেষে তিনি কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডের দপ্তরে পৌঁছান। সেখানে প্রশাসকের দেখা না পেলেও অভিযোগপত্রটি জমা দিয়ে আসেন।
প্রশাসনের উদাসীনতা ও ক্ষোভ অভিযোগ জানানোর পর বেশ কয়েকদিন কেটে গেলেও পুরসভার তরফ থেকে এখনও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। জলের পাইপলাইনে কোথাও ফাটল ধরে নর্দমার জল মিশছে কি না, তা পরীক্ষা করতে জল সরবরাহ বিভাগের কেউ ওই শিক্ষকের বাড়িতে আসেননি। প্রশাসনের এই উদাসীনতায় পার্সিবাগান এলাকার বাসিন্দাদের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনই পরিশ্রুত জল নিয়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক।
