কলকাতায় বসতবাড়িতেই রমরমিয়ে চলছে বন্দুক তৈরির গোপন কারখানা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা শহরের বুকে একটি বসতবাড়িতে অবৈধ অস্ত্র তৈরির গোপন কারখানার হদিস পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার নাদিয়াল থানার আয়ুবনগরের একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা। অভিযান চালিয়ে দুটি ৭ এমএম বন্দুক, দুটি দেশি পিস্তল, প্রচুর কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত বাড়ির মালিক চম্পট দেয়। এই ঘটনায় নাদিয়াল থানায় নির্দিষ্ট অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এসটিএফ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে ইতোমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তার সন্ধানে একাধিক স্থানে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। কত দিন ধরে এই গোপনে বেআইনি অস্ত্র কারবার চলছিল, কাঁচামাল কোথা থেকে সংগৃহীত হতো কিংবা কাদের কাছে অস্ত্র বিক্রি করা হতো, তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারলে এই চক্রের নেপথ্যে থাকা অন্যান্য চক্রীদের নাম সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে এসটিএফ।
