কলকাতায় মর্মান্তিক অগ্নিকাণ্ড: নিউ মার্কেটের হোটেলে প্রাণ হারালেন ৫ বাংলাদেশি সহ ৯ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা নিউ মার্কেটের এক বহুতল হোটেলে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই রাত ২টো নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং হোটেলের ভেতরে আটকে থাকা প্রায় ৬০ জনকে নিরাপদে বের করে আনে। ঘন ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারান; তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কলকাতা পুলিশ মৃতদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করেছে। এর মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক—আকরাম আলি (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফশানা শরমিন (২৭), স্বর্ণাশিস দত্ত (২ বছর ৮ মাস) এবং বাবু আহমেদ (৩৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই পরিবারের বাসিন্দা প্রথম ৪ জন সহ ৫ জন বাংলাদেশিই মূলত চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় এসেছিলেন। অন্য দুই ভারতীয় মৃত ব্যক্তি হলেন বিহারের সন্দীপ পাসওয়ান (১৯) এবং শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। বাকি দুই মৃতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। ঘটনার তদন্তে নেমে দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, জীর্ণ বহুতলটিতে হোটেল কর্তৃপক্ষ কোনো রকম অগ্নিসুরক্ষা বিধি মেনে চলেনি। আগের সরকারের আমলে এই হোটেল কীভাবে ছাড়পত্র পেয়েছিল, সে বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
