কলকাতা বইমেলার কমিটিতে বড় রদবদল, কাদের বাদ দিয়ে এল নতুন মুখ! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা আন্তর্জাতিক বইমেলার অ্যাডভাইজরি কমিটিতে এল বড়সড় পরিবর্তন। রাজ্য প্রশাসনে নতুন সরকার আসার পর দীর্ঘদিনের পুরোনো এই কমিটিতে বড় রদবদল ঘটল। পূর্বে এই কমিটিতে শিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরীর পাশাপাশি অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের মতো প্রভাবশালী তৎকালীন মন্ত্রীরা যুক্ত ছিলেন। তবে বছরের পর বছর কেন একই ব্যক্তিরা কমিটিতে থাকবেন এবং গিল্ডের একচ্ছত্র ভূমিকা থাকবে, তা নিয়ে প্রকাশকদের একাংশের তীব্র অসন্তোষ দানা বাঁধছিল। এমনকি গিল্ডের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টার কাছে লিখিত অভিযোগও জমা পড়েছিল।
এই পরিস্থিতি সামাল দিতেই অবশেষে প্রশাসনিক পদক্ষেপে পুরোনো কমিটি ভেঙে নতুন মুখ নিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে। যদিও বইমেলা আয়োজনের মূল দায়িত্বে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডই বহাল থাকছে, তবে তাদের সহায়তায় কাজ করবে নতুন এই কমিটি। নতুন কমিটিতে দেবজিৎ সরকার, দেবজ্যোতি দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তনুজা চক্রবর্তী এবং রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি স্বামী আর্যেশানন্দ ও স্বামী সারস্বতানন্দের মতো ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রদবদল বইমেলার পরিচালনায় স্বচ্ছতা ফিরিয়ে আনবে বলেই সংশ্লিষ্ট মহলের জোরালো প্রত্যাশা।
