কাউন্সিলর হওয়ার সুবর্ণ সুযোগ! বিজেপির নতুন পদক্ষেপে তুমুল জল্পনা, জানুন আবেদন করবেন কীভাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার অভিনব ও বড়সড় উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। স্বচ্ছ পুরনিগম গড়ার লক্ষ্যে সর্বসাধারণের মধ্য থেকেই প্রার্থী বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল দলীয় কর্মী বা সমর্থকই নন, সমাজসেবায় আগ্রহী ডাক্তার, শিক্ষক বা প্রথিতযশা যেকোনো সাধারণ নাগরিকও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। প্রার্থীর আবেদনপত্র জমা দেওয়ার সুবিধার্থে বিজেপি রাজ্য দপ্তর ৬ নম্বর মুরলীধর সেন লেনে একটি ড্রপ বক্স রাখা হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তি, এলাকায় গ্রহণযোগ্যতা এবং যুব সমাজকে অগ্রাধিকারে রেখে ড্রপ বাক্সে জমা পড়া বায়োডাটা থেকেই সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, প্রোমোটার বা ডেভলপারদের নিয়ন্ত্রণে শহরের শাসনব্যবস্থা থাকবে না। সিপিএমকে অপ্রাসঙ্গিক দাবি করে এবং তৃণমূল ছেড়ে নেতাদের সরে যাওয়ার বিষয়টি তুলে ধরে তারা দাবি করেছে, শহরের মান উন্নয়নের লক্ষ্যেই এই রাজনৈতিক ময়দানে নামছে দল। সম্প্রতি উপনির্বাচনে জয় এবং জনদরদী উদ্যোগকে পাথেয় করেই পৌর নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। উৎসবের মরসুমেই প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় সমাজের নানা স্তরের মানুষকে ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
