কাজের দিনে মিলবে বিরাট স্বস্তি! আজ থেকে ব্লু ও গ্রিন লাইনে বাড়ল মেট্রোর সময়, জানুন নতুন সূচি – এবেলা

কাজের দিনে মিলবে বিরাট স্বস্তি! আজ থেকে ব্লু ও গ্রিন লাইনে বাড়ল মেট্রোর সময়, জানুন নতুন সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় ফার্স্ট এবং লাস্ট মেট্রোর সময় নিয়ে দীর্ঘদিনের দাবি অবশেষে পূর্ণ হলো। সকালের পাশাপাশি এবার রাতেও বাড়ল মেট্রো পরিষেবা। সোমবার থেকে কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন— এই দুই লাইনেই প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।

যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সকালে এত দেরিতে এবং রাতে এত আগে মেট্রো বন্ধ হওয়ায় যাতায়াতে যথেষ্ট সমস্যা পোহাতে হয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে কখন মিলবে শেষ মেট্রো?

আগে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪৪ মিনিটে। নতুন নিয়ম অনুযায়ী সেই সময় বাড়িয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত করা হয়েছে।

  • দক্ষিণেশ্বর থেকে: শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে। আর মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যেতে হলে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ১৮ মিনিটে।
  • দমদম থেকে: শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে, এবং মহানায়ক উত্তম কুমার যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিটে।
  • উল্টো দিক থেকে (শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার): শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরমুখী মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ১৫ মিনিটে এবং দমদমমুখী মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিটে। এছাড়া মহানায়ক উত্তম কুমার থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৩ মিনিটে।

গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়:

গ্রিন লাইনেও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সময় বাড়ানো হয়েছে। এখন থেকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ এবং সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান— উভয় দিক থেকেই শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

প্রথম মেট্রো কখন ছাড়বে?

সব প্রান্তিক স্টেশন থেকেই এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে। এরপর নিয়মিত নির্দিষ্ট ইন্টারভালে মেট্রো চলাচল করবে।

রবিবারের সময়সূচি:

রবিবার মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম— উভয় প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, রবিবারেও রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *