কাসবের সাজা নিশ্চিত করা সেই আইনজীবীই এবার কেতন খুন মামলায়, লড়বেন উজ্জ্বল নিকাম – এবেলা

কাসবের সাজা নিশ্চিত করা সেই আইনজীবীই এবার কেতন খুন মামলায়, লড়বেন উজ্জ্বল নিকাম – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বই: ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত আজমল কাসবকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকাম এবার লড়বেন কেতন আগরওয়াল হত্যা মামলায়। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করে এই মর্মে আবেদন জানিয়েছিলেন নিহত কেতনের বাবা বিশাল আগরওয়াল। সেই আবেদন গ্রহণ করে রাজ্যের সরকার উজ্জ্বল নিকামকে এই হাইপ্রোফাইল মামলার বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।

ঘটনার প্রেক্ষাপট ও মুখ্যমন্ত্রীর আশ্বাস

গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে খুন হন ২৫ বছর বয়সি কেতন আগরওয়াল। অভিযোগ, পাহাড়ের চূড়া থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চলতি বছরের নভেম্বরে কেতনের সঙ্গে বাগদত্তা সিয়া গোয়েলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সিয়া এই বিয়েতে অনিচ্ছুক ছিলেন। অভিযোগ, সেই কারণেই নিজের প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে সিয়া এই খুনের ছক কষেছিলেন।

নিহতের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “আমি এই মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে চালানোর আবেদন গ্রহণ করেছি। একইসঙ্গে উজ্জ্বল নিকামকে বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।” মুখ্যমন্ত্রীর নির্দেশে আইন ও বিচার দফতর ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং আইনজীবী উজ্জ্বল নিকাম নিজেও এই মামলায় লড়তে সম্মতি জানিয়েছেন।

সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ

পুনের লোহাগড় দুর্গের এই মর্মান্তিক ঘটনাকে কেবল একটি অপরাধ হিসেবে দেখছেন না মুখ্যমন্ত্রী ফড়নবিস। তিনি বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক এবং সমাজের জন্য গভীর উদ্বেগের। শিক্ষিত পরিবারের তরুণ-তরুণীদের মধ্যে কেন এমন অপরাধপ্রবণতা ও প্রতিহিংসার মানসিকতা বাড়ছে, তা নিয়ে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন।”

তরুণ প্রজন্মের মধ্যে এই সহিংসতা রুখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে একসঙ্গে এগিয়ে আসার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইন-শৃঙ্খলার পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক পরিকাঠামো গড়ে তোলার ওপরও তিনি বিশেষ জোর দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *