কূটনৈতিক উত্তেজনার আবহেই ঢাকায় ভারতের শীর্ষ শিল্পপতিরা, বাংলাদেশ-ভারত বাণিজ্যে কোন নতুন সমীকরণ? – এবেলা

এবেলা ডেস্কঃ
কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের আবহেই দু’দিনের সফরে ঢাকা পৌঁছচ্ছে ভারতের শীর্ষ শিল্প-বাণিজ্য সংগঠন ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (সিআইআই)-র উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। প্রায় ১৩০ বছরের পুরনো এই প্রভাবশালী সংগঠনটি ভারতীয় শিল্প ও নীতির সংযোগসেতু হিসেবে পরিচিত। রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি হওয়া বাণিজ্যিক বাধা দূর করা, বিনিয়োগ বৃদ্ধি এবং আমদানি-রপ্তানির শুল্ক ও অশুল্ক বিধিনিষেধ কমানোই এই সফরের প্রধান লক্ষ্য। যৌথ আলোচনার পরিকাঠামো তৈরি করতে সিআইআই-এর একটি প্রতিনিধিদল ইতোমধ্যেই বাংলাদেশে প্রস্তুতি বৈঠক শেষ করেছে। স্বাগতিক দেশ হিসেবে ভারতের এই প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রতিনিধিত্ব করবে ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই)।
এই হাই-প্রোফাইল প্রতিনিধিদলে গোদরেজ, মাহিন্দ্রা, লারসেন অ্যান্ড টুব্রো, অ্যাপোলো হসপিটালস ও নুমালিগড় রিফাইনারির মতো শীর্ষ ভারতীয় সংস্থার কর্তারা শামিল রয়েছেন। সফরকালে ভারতীয় দলটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বিডা-র কর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। পাশাপাশি, প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বিশেষ সৌজন্য সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দূরত্বের মধ্যেও এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন দিশা দেখাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
