কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বন্দুক থেকে আচমকা গুলি, জখম ২ বালি খাদান কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ
ঝাড়গ্রাম: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে গুলিবিদ্ধ হলেন দুই বালি খাদান কর্মী। রবিবার রাত ১০টা ৫ মিনিট নাগাদ ঝাড়গ্রামের বিনপুর থানার বেতকুঁদরি এলাকায় এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই দুই শ্রমিককে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে বেতকুঁদরি এলাকায় দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ (CISF) জওয়ানরা দুই শ্রমিককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ, সেই চলাকালীনই আচমকা এক জওয়ানের আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। গুলির আঘাতে শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল নামে ওই দুই শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। বীরভূমের দুবরাজপুর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা এই দুই যুবক জীবিকার তাগিদে ঝাড়গ্রামে কাজ করছিলেন। শুভদীপের বুকের পিছনের অংশে ও বাঁ পায়ে এবং অমিতের বাঁ পায়ে গুলি লাগে।
স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী এটি দুর্ঘটনাবশত গুলি চলার ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে ঠিক কী পরিস্থিতিতে এবং কী কারণে এই গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
