‘কেশব মজুমদারের ভিটেতে বিজেপি হাত দেবে না’, বিজয়গড় কাণ্ডে মুখ খুললেন শমীক – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/05/30/shamik-2026-05-30-09-18-43.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
September 20, 20267:28 pm
দক্ষিণ কলকাতার রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিল যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত (মলয়) মজুমদারের বিজয়গড়ের বাড়িতে তাণ্ডবের ঘটনা। শনিবার গভীর রাতে প্রায় ১০০ থেকে ১৫০ জনের এক সশস্ত্র বাহিনী তাঁর বাড়িতে হামলা চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে।
হামলাকারীরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, অকথ্য ভাষায় গালিগালাজ দেয় এবং দেবব্রতবাবুর দাদাকে ধস্তাধস্তি করে। শুধু গৃহপ্রাঙ্গণই নয়, সংলগ্ন একাধিক দলীয় কার্যালয় এবং শহীদ বেদীও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরপরই শাসকদলের তরফ থেকে সরাসরি আঙুল তোলা হয় বিরোধী দল বিজেপির দিকে।
তবে তৃণমূলের এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে কড়া জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো দূরতম সম্পর্কও নেই।
দেবব্রত মজুমদারের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “দেবব্রত মজুমদার একসময় আমাদের দলেই ছিলেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে তাঁর বাবা কেশব মজুমদার জনসংঘের প্রতিষ্ঠা সময় থেকে বিজেপির জন্মলগ্ন পর্যন্ত দলের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। আমাদের দলের কোনো কর্মী গিয়ে কেশব মজুমদারের ভিটেতে হাত দেবে বা ভাঙচুর চালাবে— এটা অকল্পনীয়।”
বিজেপি রাজ্য সভাপতির দাবি, দেবব্রতবাবুর পরিবারের সঙ্গে দলের বহু স্মৃতি জড়িত। বিজেপিকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে ‘বিজেপি কর্মী’ সেজে সমাজবিরোধীরা এই অরাজকতা চালিয়েছে।
হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদার দাবি করেন, প্রায় দেড়শ লোক গভীর রাতে এসে এই তাণ্ডব চালায় এবং এটি বিজেপিরই পরিকল্পিত কাজ।
অন্যদিকে, শমীক ভট্টাচার্য পাল্টা সুর চড়িয়ে জানান, “পার্টি অফিস বা শহীদ বেদী ভাঙচুর করা বিজেপির সংস্কৃতি নয়। দলকে বদনাম করার চেষ্টা চলছে, তাই পুরো বিষয়টি নিয়ে আমি সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।”
রাজনৈতিক টানাপোড়েনের এই আবহে বিজয়গড়ের হামলাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।
