কোটি কোটি টাকার খেলা! এবার পুলিশের জালে ‘পাথর সম্রাট’ টুলুর বিশ্বস্ত ম্যানেজার – এবেলা

কোটি কোটি টাকার খেলা! এবার পুলিশের জালে ‘পাথর সম্রাট’ টুলুর বিশ্বস্ত ম্যানেজার – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের হেভিওয়েট পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সাম্রাজ্যে বড়সড় থাবা বসাল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর অন্যতম বিশ্বস্ত ম্যানেজার সীতেশ প্রামাণিককে। রবিবার রাতে সিউড়ি থেকে জালে তোলা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, টুলুর বিশাল অপরাধমূলক সিন্ডিকেটের নেপথ্যে মূল নিয়ন্ত্রক ছিলেন এই সীতেশই।

মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তে মহম্মদবাজার থানার পুলিশ একটি বিশেষ টিম তৈরি করেছে। সেই বিশেষ দলের তদন্তকারীরাই রবিবার সন্ধ্যা থেকে সীতেশকে একটানা ম্যারাথন জেরা করেন। জেরায় ভেসে ওঠে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ‘পাথর সম্রাট’ টুলুর দুর্নীতির কোটি কোটি টাকার লেনদেনে সরাসরি হাত ছিল তাঁর।

বর্তমানে টুলু মণ্ডল নিজে পলাতক। খবর মিলেছে, তাঁর অন্য এক ম্যানেজার আবার ‘ডাক্তার দেখানোর’ বাহানায় বেরিয়ে গা ঢাকা দিয়েছেন! এই পরিস্থিতিতে সীতেশের গ্রেফতারি পুলিশি তদন্তে বড় সাফল্য এনে দিল। সোমবার ধৃত সীতেশ প্রামাণিককে সিউড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের জাল আরও গুটোতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশের স্পেশাল টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *