কৌশিকী অমাবস্যায় আসছে বড় বদল! মা তারাকে ছোঁয়া তো দূর, গর্ভগৃহেও মিলবে না প্রবেশ – এবেলা

কৌশিকী অমাবস্যায় আসছে বড় বদল! মা তারাকে ছোঁয়া তো দূর, গর্ভগৃহেও মিলবে না প্রবেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভিড় ও নিরাপত্তা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করল মন্দির কমিটি ও বীরভূম জেলা প্রশাসন। প্রতি বছর অমাবস্যার তিথিতে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে এবং গর্ভগৃহ পর্যন্ত ভিড় সামলানো দুরূহ হয়ে ওঠে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এ বছর থেকে সাধারণ পুণ্যার্থী থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, সাংসদ বা আমলা—কাউকেই গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। গর্ভগৃহের বাইরে বারান্দা থেকেই অন্তত পাঁচ ফুট দূর থেকে প্রতিমা দর্শন করতে হবে। তবে ভক্তদের আবেগের কথা মাথায় রেখে মায়ের ধাতব চরণযুগল বাইরে রাখা হবে, যেখানে পুণ্যার্থীরা প্রণাম ও পুণ্যলাভের সুযোগ পাবেন।

শৃঙ্খলা বজায় রাখতে এ বছর বিশেষ ব্যবস্থার পাশাপাশি থাকছে নির্দিষ্ট দুটি লাইন। সাধারণ লাইনের পাশাপাশি মন্দির রক্ষণাবেক্ষণের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার একটি বিশেষ লাইন বা পে লাইন চালু করা হবে, যেখানে স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রশাসন ও মন্দির কমিটির যৌথ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। পঞ্জিকা অনুসারে আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি শুরু হবে। ভিআইপি সংস্কৃতি সম্পূর্ণ বাদ দিয়ে সকলের জন্য একই নিয়ম কার্যকর করার এই বেনজির সিদ্ধান্ত তারাপীঠ মন্দিরের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *