খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? কলকাতার নামী স্কুলে একসঙ্গে ২৪ ছাত্রী হাসপাতালে! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার দেশবন্ধু পার্কের একটি নামী স্কুলের হস্টেলে একসঙ্গে ২৪ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সোমবার জ্বর, পেটে ব্যথা, বমি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তাদের দ্রুত আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবার বা জল থেকেই এই বিষক্রিয়া। প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। আচমকা এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।
খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি উদ্বিগ্ন অভিভাবকদের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। ইতিমধ্যেই উল্টোডাঙা থানার পুলিশ ওই স্কুলের রান্নাঘর সিল করে দিয়েছে এবং মন্ত্রীর নির্দেশে আবাসিকদের জন্য বিকল্প রান্নার ব্যবস্থা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা স্কুলটি পরিদর্শন করবেন। সেখানে পানীয় জলের ট্যাঙ্ক, রান্নার কাঁচামাল ও সার্বিক পরিচ্ছন্নতা খতিয়ে দেখার পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করা হবে। রাঁধুনিদেরও স্বাস্থ্যপরীক্ষা হবে। বিস্তারিত তদন্তের পরেই অসুস্থতার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
