গাড়িতে ইট-ডিম হামলা, অফিসে ভয়াবহ তাণ্ডব! খুনের হুমকির মুখে প্রাণভয়ে আকুল উত্তর ২৪ পরগনার সভাধিপতি – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামী লাগাতার প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত ৯ অক্টোবর জেলা পরিষদ চত্বরেই তাঁর গাড়িতে মাস্ক পরা দুষ্কৃতীরা পাথর ও ডিম ছোঁড়ে। এরপর ১২ অক্টোবর তাঁর অনুপস্থিতিতে জেলা পরিষদের অফিসে ঢুকে ২০-২৫ জনের এক দুষ্কৃতী দল ব্যাপক তাণ্ডব চালায় এবং আলমারির সরকারি নথিপত্র তছনছ করে। ভাঙচুরের পর তাঁকে ফোনে সরাসরি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। গত ২-৩ মাস ধরে এমন হুমকি ফোন পাওয়ার কথা জানিয়ে এবং সরকারি ভবনে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বারাসাত পুলিশ জেলার এসপি-কে চিঠি দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং শাসকদলের ভেতরের ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ ও বিশৃঙ্খলাকে বারাসাতের সংস্কৃতিবিরোধী বলে আখ্যা দিয়েছেন নারায়ণ গোস্বামী। তিনি স্পষ্ট জানান, জেলা পরিষদের সম্পত্তি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং সরকারি আমানত। তাই সরকারি দপ্তরের কাজের সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
