গ্যাস গোডাউনে কর্মী ছাঁটাই ঘিরে তুলকালাম! মাথা ফাটল বিজেপি নেতার, আটক মালিক ও পুত্র – এবেলা

এবেলা ডেস্কঃ
নদিয়ার নবদ্বীপ থানার কলাতলা বারুইপাড়া এলাকায় একটি রান্নার গ্যাসের গোডাউনে কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। দীর্ঘদিন আগে কয়েকজন কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং তাঁদের পুনর্বহালের দাবিতে গোডাউনে যান স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, গোডাউন মালিকপক্ষ এই দাবি মানতে অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি চরমে পৌঁছলে বিজেপি নেতা তাপস দেবনাথের মাথায় তালা ও চাবির গোছা দিয়ে আঘাত করা হয়, যার ফলে তাঁর মাথা ফেটে যায় এবং হাসপাতালে নিয়ে গিয়ে সেলাই দিতে হয়।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নেতার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গোডাউন মালিক ও তাঁর ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, মালিকপক্ষের পালটা দাবি, বিজেপি কর্মীরা জোর করে গোডাউনে ঢুকে অচলাবস্থা তৈরি করেছিলেন এবং তাঁদের পরিবারের সদস্যদের উপরও হামলা চালানো হয়েছে। রাজনৈতিক পরিচয়ের জেরে কর্মী ছাঁটাই নাকি গোডাউনে বলপূর্বক প্রবেশের ঘটনা—প্রকৃত সত্য উদঘাটনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
