গ্র্যান্ড ক্যানিয়নে তাণ্ডব চালালো হড়পা বান: প্রলয়ঙ্করী তোড়ে ভেসে গেলেন বহু পর্যটক, নিখোঁজ অন্তত ২০ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 1, 202611:33 am
নেপালের পর এবার আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে প্রকৃতির ভয়াল থাবা। প্রলয়ঙ্করী হড়পা বানের কবলে পড়ে নদী সংলগ্ন অঞ্চলের বহু মানুষ নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীতে আচমকাই প্রবল বেগে জল বাড়তে শুরু করে, যার ফলে মুহূর্তে ভাসিয়ে নিয়ে যায় তীরবর্তী লোকজনকে।
দুর্ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হলেও, এখনও পর্যন্ত অন্তত ২০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতিমধ্যেই একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। আশঙ্কাজনক পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যারিজোনা রাজ্যের এই বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্রটিতে রবিবার বিকেলে হঠাৎ করেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এর পরেই স্থানীয় ‘ব্রাইট অ্যাঙ্গেল’ খাঁড়ি দিয়ে বিশাল জলের তোড় হু হু করে কলোরাডো নদীতে এসে পড়ে। জলের গতি ও ধাক্কা এতটাই তীব্র ছিল যে বিশালাকার পাথর থেকে শুরু করে লোহার শক্ত কাঠামো পর্যন্ত ভেসে যায়, এমনকী পর্যটকদের যাতায়াতের একটি ফুট ব্রিজও ভেঙে চুরমার হয়ে যায়।
যেখান থেকে সাধারণত পর্যটকরা কলোরাডো নদীতে নামেন, সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে ৬২ জনকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ ২০ জনের খোঁজে নদী ও সংলগ্ন এলাকায় পুরোদমে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
