‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’! এজলাসেই মুখোমুখি এজি-কল্যাণ, মাইক বিতর্ক মামলায় হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় পশ্চিমবঙ্গ সরকারের স্পষ্ট অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবার রাজ্যকে এই বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। ওইদিনই মামলাটির পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে।
তবে এদিনের মামলার শুনানি ঘিরে এজলাসের ভেতরেই নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। সওয়াল-জবাব চলাকালীন বাকযুদ্ধে জড়িয়ে পড়েন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সুরজিৎ নাথ মিত্র এবং তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এজি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘চটিচাটা’ বলে কটাক্ষ করলে, পালটা জবাবে কল্যাণবাবু তাঁকে ‘বুটচাটা’ বলে আক্রমণ করেন। দুই আইনজীবীর এই তীব্র বচসায় ক্ষুব্ধ হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি কড়া ভাষায় দুই পক্ষকে জানান, এ ধরনের বিবাদ আদালতের বাইরে গিয়ে করা উচিত, এজলাসে নয়।
মূল মামলা প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে অভিযোগ তোলেন, “রাজ্যে কোনো লিখিত বিজ্ঞপ্তি ছাড়াই মৌখিক নির্দেশে কাজ চালানোর নতুন প্রবৃত্তি শুরু হয়েছে। পুলিশ তা কার্যকর করে ৪ হাজারের বেশি মসজিদ থেকে মাইক খুলে নিয়েছে, যা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের পরিপন্থী।” এর জবাবে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, মামলায় কোনো নির্দিষ্ট পুলিশ অফিসারের নাম উল্লেখ নেই, তাই জরিমানা সহ এটি খারিজ করা উচিত। সব শুনে ডিভিশন বেঞ্চ রাজ্যকে বিস্তারিত বক্তব্য পেশের নির্দেশ দিয়েছে।
