চন্দ্রকোনা থানায় বন্দির রহস্যমৃত্যু: বাথরুম থেকে প্যান্ট পেঁচানো দেহ উদ্ধার, পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 20261:33 pm
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় পুলিশি হেফাজতে থাকা এক বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। রবিবার রাতে থানার বাথরুম থেকে রাহুল রুইদাস নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ আত্মহত্যার তত্ত্ব দিলেও, পরিবারের পক্ষ থেকে মারধর করে খুনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে চুরির অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করেছিল চন্দ্রকোনা থানার পুলিশ। ঘাটাল মহকুমা আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। রবিবার রাতে তিনি থানার বাথরুমে গিয়ে পরনের প্যান্ট গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।
বাথরুম থেকে শব্দ পেয়ে পুলিশ দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ন’টা নাগাদ রাহুলকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর গলায় একটি দাগ পাওয়া গেলেও অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর পরিবারও সে কথা স্বীকার করেছে। তবে পরিবারের স্পষ্ট অভিযোগ, পুলিশি হেফাজতে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
