চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার নিল সিবিআই, অপরাধী ধরতে সাত সদস্যের বিশেষ সিট গঠন

চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার নিল সিবিআই, অপরাধী ধরতে সাত সদস্যের বিশেষ সিট গঠন

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার গভীর রাতে এই হাইপ্রোফাইল মামলার তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করা হয়েছে। ডিআইজি পঙ্কজকুমার সিংহের নেতৃত্বে এই দলটিতে ভিনরাজ্যের অভিজ্ঞ আধিকারিকদের রাখা হয়েছে। মঙ্গলবারই রাজ্য পুলিশের হাত থেকে মামলার সমস্ত নথিপত্র ও দায়িত্বভার গ্রহণ করবে সিবিআই।

খুনের নেপথ্যে শার্প শুটার ও সুপারি যোগ

গত ৬ মে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক দু’দিন পর মধ্যমগ্রামের জনবহুল রাস্তায় নৃশংসভাবে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। তাঁর মাথা, বুক ও পেটে চারটি গুলি লেগেছিল, যার ফলে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশ ইতিমধ্য়েই ডিজিটাল লেনদেনের সূত্র ধরে উত্তরপ্রদেশ ও বক্সার থেকে তিন শার্প শুটারকে গ্রেপ্তার করেছে। বালি টোলপ্লাজায় ইউপিআই (UPI) পেমেন্টের তথ্য ধরে এই অপরাধীদের হদিস মেলে। তবে এই পেশাদার খুনিদের ঠিক কে বা কারা সুপারি দিয়েছিল এবং খুনের নেপথ্যে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা উদঘাটন করতেই সিবিআই-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিবিআই-এর বিশেষ টিমের লক্ষ্য

কলকাতার জয়েন্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে সিবিআই-এর এই নবগঠিত সাত সদস্যের টিম। এই দলে রয়েছেন অনিলকুমার যাদব, বিকাশ পাঠক ও বিবেক শ্রীবাস্তবের মতো ঝানু তদন্তকারীরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের মূল লক্ষ্য হলো, ধৃত শার্প শুটারদের জেরা করে এই হত্যাকাণ্ডের মূল চক্রী বা ‘মাস্টারমাইন্ড’-কে চিহ্নিত করা। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মহলের এক সদস্যের ওপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছিল, সিবিআই তদন্তের নির্দেশে তা নতুন মাত্রা পেল। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সংস্থা এই রহস্যের জট কত দ্রুত খুলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *