চরম সিদ্ধান্তের মুখে অর্থমন্ত্রীর পরিবার! মোদী সরকারকে কাঁপাতে এবার রাজপথে নামছেন নির্মলার স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ২৩ অক্টোবর দেশব্যাপী ‘এসআইআর’ (SIR) বিরোধী আন্দোলন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হতে চলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিশাল রাজনৈতিক কর্মসূচিতে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকাইত, লেখক তুষার গান্ধী, অভিনেতা প্রকাশ রাজ ও অভিজিৎ দীপকের পাশাপাশি সামিল হচ্ছেন প্রখ্যাত অর্থনীতিবিদ পারাকলা প্রভাকর। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী তথা বিজেপি সরকারের এই প্রখর সমালোচক নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে আন্দোলনে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন। তাঁর এই পদক্ষেপে বর্তমানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে।
সামাজিক মাধ্যমে সোচ্চার হয়ে পরাকলা প্রভাকর লিখেছেন, “প্রতিটি গলিতে থাকুক যন্তর মন্তর! গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণের এই পদযাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে।” মুখ্য নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্ত নিয়ে সহকারী কমিশনারদের আপত্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই দিল্লিতে ভোটচুরির অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়। এর আগে বেঙ্গালুরুর বিক্ষোভে ধ্রুব রাঠির সাথে দেখা গেলেও, এবার ২৩ তারিখের কর্মসূচিতে সরাসরি যোগ দিয়ে মোদী সরকার ও স্ত্রীকে চরম অস্বস্তিতে ফেলতে চলেছেন প্রভাকর। এই বিক্ষোভে ‘ইন্ডি’ জোটকেও পাশে চেয়েছে সিজেপি, যদিও বিরোধীদের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
