চলতি সপ্তাহেও ঘূর্ণাবর্তের দাপটে তোলপাড় হবে আবহাওয়া! – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় চলতি সপ্তাহ জুড়েও দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও সপ্তাহ জুড়ে লাগাতার বর্ষণ চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষদিকেও বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সামুদ্রিক সতর্কতা জারি করা হয়নি।
