চলন্ত অটো থেকে লাফিয়ে বাঁচলেন রবীন্দ্রভারতীর ছাত্রী! নিরাপত্তা কোথায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবার রাতে বেলঘরিয়ার নিমতা থানা এলাকার পাঠানপুরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। বিরাটি থেকে গোলবাগানগামী অটোয় সামনের আসনে বসেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযোগ, অটো চলাকালীন চালক কালাচাঁদ মণ্ডল কনুইয়ের খোঁচা দিয়ে ও লাগাতার অশালীন স্পর্শ করে তাঁর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও চালক না থামায় আতঙ্কে চলন্ত অটো থেকেই লাফিয়ে পড়েন ওই তরুণী।
তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে অভিযুক্ত অটোচালককে হাতেনাতে ধরে ফেলেন এবং নিমতা থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে। ধৃতের বাড়ি স্থানীয় রবীন্দ্রপল্লি হাটখোলা এলাকায়। এই ঘটনায় রাতের রাস্তায় মহিলাদের যাতায়াত ও গণপরিবহণের নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
